জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হুসেন ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার (জুলাই) দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি করেন।
তাদের বিরুদ্ধে করোনা পরীক্ষার নামে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করে আত্মসাৎ এবং করোনার পরীক্ষা না করেই ভুয়া ও জাল রিপোর্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিও সার্জারি বিভাগের সাবেক রেজিস্ট্রার ও জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিনকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ, ডা. সাবরিনার স্বামী জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী, জেকেজি হেলথ কেয়ারের কর্মচারী আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির, তানজিনা পাটোয়ারী, জেকেজি হেলথ কেয়ারের স্বত্বাধিকারী জেবুন্নেসা রিমা।
