১৫ আগস্ট শনিবার বিকালে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বড় মসজিদ থেকে মোঃ সাইদুল ইসলাম সাহেদ নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি মোটরবাইক পার্কিং করে মসজিদে নামাজ পড়তে যান এবং নামাজ শেষে এসে দেখেন যে বাইকটি চুরি হয়ে গেছে। পরবর্তীতে তিনি জিপিএস ট্র্যাকারে বাইকের লোকেশন ৯৯৯ নম্বরে ফোন করে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
৯৯৯ তাৎক্ষনিকভাবে কলার থেকে প্রাপ্ত বাইকের লোকেশন অনুযায়ী ফরিদপুর জেলা পুলিশ কন্ট্রোলরুমে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মাসুমা আকন্দ এবং বিষয়টি কলার এবং সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম।
৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে ফরিদপুর কোতোয়ালি থানার একটি দল বাইক উদ্ধার অভিযানে নামে এবং ফরিদপুর জেলাপরিষদের সামনে থেকে Fz version-2 ঢাকা মেট্রো-ল- ৫২-৫৮৪৭ নম্বরের চুরি হওয়া বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে বাইকের মালিক ফরিদপুর কোতোয়ালি থানায় উপস্থিত হলে বাইকটি বুঝিয়ে দেওয়া হয়।
