সাভারের রানা প্লাজা ধসের ১৩ বছর উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, এত বছর পেরিয়ে গেলেও অনেক ক্ষতিগ্রস্ত পরিবার এখনো ন্যায্য ক্ষতিপূরণ পায়নি। তারা অবিলম্বে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

নেতারা আরও বলেন, রানা প্লাজার মালিক সোহেল রানা সহ এই ঘটনার সঙ্গে জড়িত সকল দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। তারা অভিযোগ করেন, বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
শ্রমিক নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং কারখানাগুলোতে কঠোর নজরদারি বাড়াতে হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসে পড়ে সহস্রাধিক শ্রমিক নিহত ও আহত হন, যা দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত।

